প্রকাশিত: Mon, Feb 20, 2023 10:38 AM
আপডেট: Thu, Jun 4, 2026 12:10 PM

খালেদা জিয়া দণ্ডিত হওয়ায় নির্বাচনের অযোগ্য: ওবায়দুল কাদের

এম এম লিংকন: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেগম খালেদা জিয়া দণ্ডিত, এই অবস্থানটা তার নির্বাচন করার পক্ষে নয়। নির্বাচনের যোগ্য তিনি নন। বিএনপির নেতা হিসেবে রাজনীতি করতে হলে তাকে মুক্তির শর্ত অনুযায়ী করতে হবে। সোমবার বিকেলে অমর একুশে বইমেলায় ছাত্রলীগের বইয়ের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, বিএনপির নিজের ঘরেই গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র চায় না, তারা চায় সংঘাতময় পরিস্থিতি তৈরি করে অন্ধকারের চোরাগলি দিয়ে ক্ষমতায় যেতে। সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার নয়। তবে বিএনপি যদি সংবিধানে সমাধান খুঁজে পায় তাহলে আমরা কেন করব না?

বিদেশি চাপ সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,  বিএনপি নেতারা সকালবেলা ঘুম থেকে উঠেই অ্যাম্বাসি ও হাই কমিশনে নালিশ করতে যায়। এজন্য বিএনপিকে মানুষ নালিশ পার্টি বলে। চাপে আওয়ামী লীগ সরকার নয়, বিএনপিই চাপে আছে। ডোনাল্ড লু, মাকিনিদের সঙ্গে অন্তরঙ্গ বৈঠক না হওয়ায় বিএনপির এখন হতাশা। আমরা চাপে নেই। আমরা সংবিধান অনুযায়ী চলছি। 

আওয়ামী লীগ সংঘাত চায় না, শান্তি চায় মন্তব্য করে তিনি বলেন, কিন্তু বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সংঘাতের দিকে যেতে চায়। ২০১৩-১৪ সালের মতো সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন করতে না পারে সেজন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সতর্ক ও প্রস্তুত আছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব